পরিচিত খুনির হাতে মা-মেয়ে হত্যা, জড়িত ব্যক্তিকে শনাক্ত : এসপি মাসুদ

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারা উপজেলায় মা-মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

রোববার (১৪ জুন) দুপুরে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসপি মাসুদ আলম বলেন, তদন্তে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে, নিহতদের পরিচিত কেউ রাতের বেলায় বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকারী সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আশা করছি, খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এরপরই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধের সূত্র পাওয়া গেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top