চাটগাঁ নিউজ ডেস্ক: আমানতকারীদের অর্থ উত্তোলনের চাপ ও ক্রমবর্ধমান তারল্য সংকটের মুখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ ছাড় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাবে ঈদ-পরবর্তী সময়ে ব্যাংকটির তারল্য সংকট তীব্র হয়েছে। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। এর জেরে অনেক আমানতকারী ব্যাংক থেকে তাদের সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করেন। হঠাৎ করে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ফলে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।
একপর্যায়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যাংকটি হিমশিম খেতে শুরু করে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নগদ জমার বাধ্যতামূলক হার বা ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয়।
এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা অনুমোদন ও ছাড় করেছে।
এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
ব্যাংক খাতের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকের এই পরিস্থিতি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তা সাময়িকভাবে তারল্য চাপ কমাতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





