চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ঘুরল জোবাইকের চাকা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষামূলকভাবে ১০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালু করা হয়েছে। ফলে প্রায় ৬ বছর পর পুনরায় চবির সবুজ ক্যাম্পাসে ঘুরল জোবাইকের চাকা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) চাকসু ভবনের সামনে এ সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আগামী ৪০ দিনের জন্য ১০টি জোবাইক ক্যাম্পাসে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জোনে এসব বাইকের জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বাইক চালু ও বন্ধ করতে পারবেন। পরীক্ষামূলক সময়ে এ সেবা ব্যবহার করতে প্রতি মিনিটে দেড় টাকা ভাড়া দিতে হবে।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ক্যাম্পাসে প্রায় ১০০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালু করা হবে। তখন শিক্ষার্থীদের প্রতি মিনিটে ৮০ পয়সা ভাড়া পরিশোধ করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো জোবাইক সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে নতুন সুবিধা যুক্ত হলো। শিক্ষার্থীদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবার সেবাটি দীর্ঘমেয়াদে সফলভাবে পরিচালিত হবে।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জোবাইক সেবা আবার চালু করা হয়েছে। ২০২৫ সালে জো বাইকের সিইও মেহেদী রেজার সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে সেবাটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে আগামী ৪০ দিনের মধ্যে ১০০টি প্যাডেল সাইকেলের পাশাপাশি আরও ৫০টি ই-বাইক সংযোজন করা হবে। এছাড়া ক্যাম্পাসজুড়ে ২০টি নির্ধারিত পার্কিং পয়েন্ট স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জো ক্যাফে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top