ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহত, খবর শুনে মারা গেলেন ছোট ভাইও

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর এ কে এম শামসুদ্দিন আহমেদ খোকন (৭৮) নিহত হয়েছেন। এ খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৮) মৃত্যুবরণ করেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ট্রেন দুর্ঘটনায় নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের রহমাননগর নাসিরাবাদস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্ট হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top