ক্রীড়া ডেস্ক: মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্য ও নাহিদ রানার তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৮৬ রানের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে ওয়ানডে জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। এর আগে দেশের বাইরে ২০০৫ সালে কার্ডিফে অজিদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে জিতেছিল টাইগাররা।
মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ১৯১ রানে থামে।
ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১০ রানে ৫ রান করে আউট হন সাইফ হাসান। নাথান এলিসের বলে ফেরেন তিনি।
এরপর তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন ৯১ বলে ৯৬ রানের। তানজিদ ৪৪ বলে ৫৪ রান করেন এবং শান্ত ৮৬ বলে ৬৭ রান করেন। মাঝখানে লিটন দাস ৭ রানে আউট হন।
পরে মোসাদ্দেক হোসেন ও তাওহীদ হৃদয় ৯০ বলে ৭৫ রানের জুটি গড়েন। হৃদয় ৩১ রান করে ফেরেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম খুব বেশি রান করতে পারেননি।
প্রায় চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন শেষ পর্যন্ত অপরাজিত ৮৬ রান করেন ৭০ বলে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। শেষ দিকে তাসকিন আহমেদ ২০ রানের ক্যামিও খেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। লিয়াম স্কট ও ম্যাট রেনশ নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায়। প্রথম বলেই ম্যাথিউ শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউ করেন মোস্তাফিজুর রহমান।
এরপর নাহিদ রানার গতির তাণ্ডবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। সর্বোচ্চ ৪৭ রান করা অ্যালেক্স ক্যারি লিটন দাসের হাতে ক্যাচ দেন। নাহিদ রানার শিকার হন অধিনায়ক জশ ইংলিস, লিয়াম স্কট ও জাভিয়ার বার্টলেট।
মোসাদ্দেক বল হাতেও সফল হন। তিনি কুপার কনলি (৩৫) ও ম্যাট রেনশকে আউট করেন।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থাকেন ৪২.২ ওভারে। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচ ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






