চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের সাফজয়ী মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার ব্যক্তিগত আবাসন সংকট নিরসন ও পারিবারিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন চলাকালে নিজ কার্যালয়ে তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
অনুদান প্রদানের মাধ্যমে ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। এর আগেও সংকটকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ থেকে তার পরিবার সহায়তা পেয়েছে বলে জানা যায়।
২০২৫ সালে ঋতুপর্ণার মা ক্যান্সারে আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় বহনে পরিবারটি চরম সংকটে পড়ে। সে সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারকে সহায়তা প্রদান করেন বলে জানা যায়।
রাঙামাটির পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পেছনেও তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ছিল।
অনুদান গ্রহণ শেষে ঋতুপর্ণা চাকমা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের হয়ে আরও ভালো করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






