নাগরিক সুরক্ষায় সিএমপির সাইবার রেসপন্স সেন্টার উদ্বোধন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে নাগরিকদের সাইবার নিরাপত্তা জোরদার এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৯ জুন) সকালে সিএমপির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নতুন এই সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ভুয়া আইডি তৈরি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের তাৎক্ষণিক করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, সাইবার অপরাধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য যেমন স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন তথ্য সংরক্ষণে সহায়তা করা হবে। পাশাপাশি পাসওয়ার্ড নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও প্রদান করবে কেন্দ্রটি।

এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহযোগিতা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতেও কাজ করবে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) কাজী মো. আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন এবং কাউন্টার টেরোরিজম বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top