কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ছাইংখ্যং ব্রিজ এলাকার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালানো হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজস্থলী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





