যাত্রী সেজে রিকশাচালককে ছুরিকাঘাত, ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় যাত্রী সেজে এক রিকশাচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার খোকার দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিকশাচালক মো. আবদুল নবী (৪০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার মনিরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর সবুরের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাবেদ জানান, গোমদণ্ডী তুলাতল এলাকা থেকে লালারদীঘির পাড়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তি আবদুল নবীর ব্যাটারিচালিত রিকশা ভাড়া করেন। ওই যাত্রীর হাতে একটি মোটর রিকশার চাকা ছিল। পরে খোকার দোকান এলাকা থেকে আরও একজন যাত্রী রিকশায় ওঠেন।

রিকশাটি অসসীন চন্দ্রের ঘাটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আয়েশা বলেন, দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবী নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top