শিশু রামিসা হত্যা: আদালতে রায় ঘোষণা ৭ জুন

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন (রবিবার) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়।

এদিন সকালে প্রধান আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে বেলা ১১টা ২৪ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। অপর আসামি স্বপ্না আক্তারকে বেলা ১১টা ৩৯ মিনিটে আদালতে তোলা হয়। আদালতের বেঞ্চ সহকারী পিটার গোমেজ জানান, অসুস্থতার কারণে স্বপ্না আক্তার হাসপাতাল থেকে আদালতে এসেছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে তার স্ত্রীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

গত ১ জুন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটিতে ২ জুন শিশুটির মা-বাবাসহ মোট ১০ জন সাক্ষ্য দেন।

তদন্ত চলাকালে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছিলেন। তবে পরে আদালতে তিনি দাবি করেন, ‘ডলার’ নামের আরেক ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত। নিজেকে ও স্ত্রীকে নির্দোষ দাবি করে তিনি আদালতের কাছে নতুন বক্তব্য উপস্থাপন করেন।

অন্যদিকে, আসামিপক্ষে সরকার নিয়োজিত আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, তার মক্কেলদের কাছ থেকে ‘ডলার’ নামে কোনো ব্যক্তির বিষয়ে তিনি কিছু জানতে পারেননি। পাশাপাশি পুলিশি তদন্ত প্রতিবেদনেও ওই নামের কোনো ব্যক্তির উল্লেখ নেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top