চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় কালভার্ট নির্মাণকাজ চলাকালে পাহাড়ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ ইলিয়াস। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরিয়ানগর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কক্সবাজার ক্যাম্পাসে যাওয়ার সড়কে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শ্রমিক কাজ করার সময় পাশের পাহাড়ের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে শ্রমিকরা মাটিচাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদুর রহিম মজুমদার জানান, শ্রমিকরা নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করেই কাজ করছিলেন। তবে আকস্মিকভাবে পাহাড়ধসের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ও আহত সবাই প্রায় এক মাস ধরে ওই প্রকল্পে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত অবস্থায় পাওয়া যায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





