স্বামী-সন্তান কানাডায়, একই এলাকায় মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: বৃদ্ধা নুরুজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনা চলাকালেই রাজধানীর মিরপুরের একই এলাকায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতে মিরপুরের পল্লবী থানার সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও তাদের দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে তিনি পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস শুরু করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভবনটির আরেকটি ফ্ল্যাটে তার এক বোন বসবাস করতেন। গত ২৬ মে রাত প্রায় ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সেলিনা আফরোজের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কারও যোগাযোগ হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবীর ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার সন্তানদের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক এবং একজন কানাডাপ্রবাসী। তিনি স্কুলশিক্ষক মেয়ের বাসায় একা থাকতেন বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top