চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াহাট মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মুগছড়া পুম এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মৃত মো. জহিরের ছেলে সাহাবুদ্দীন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় আলমগীর ফরিদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস এবং সাহাবুদ্দীনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা দুই হাজার।
কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





