চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে ফারজানা ইয়াছমিন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানুরমার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে। তিনি দুই সন্তানের জননী—একজন ৫ বছর বয়সী কন্যা এবং একজন ২ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফারজানা দীর্ঘ প্রায় দুই মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ওই দিন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী মো. রিদুয়ান জানান, তিনি প্রতিদিনের মতো সকালে কেরানীহাট এলাকার পানের দোকানে যান। দুপুরে স্ত্রীর কাছে খাবার পাঠানোর জন্য একাধিকবার ফোন করলেও তিনি সাড়া পাননি। পরে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





