কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিনদিন পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া যুবক ওবায়দুল্লাহর মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে কাপ্তাই হ্রদের তীরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।

জানা যায়, গত ৩১ মে বিকেলে রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে নয়জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা বাঙ্গালটিলার উদ্দেশে রওনা দেয়। পথে পানিতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকার ধাক্কা লাগলে সেটি ডুবে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ওবায়দুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে পরদিন রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, দুর্ঘটনার রাতে ভারী বৃষ্টিপাত, তীব্র স্রোত এবং ঘোলা পানির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। সন্ধ্যার পর পরিস্থিতির কারণে সেদিনের অভিযান স্থগিত করা হয়।

অবশেষে ঘটনার তিনদিন পর বুধবার দুপুরে হ্রদের তীরে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হলে স্বজনরা সেটি ওবায়দুল্লাহর বলে শনাক্ত করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top