সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শফিউল আলম প্রকাশ শিশু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের মুনছুর মেম্বার বাড়ির মনিরুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিউল আলম সীতাকুণ্ড সদরে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পূর্ব পাশে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





