বান্দরবান থেকে ফেরার পথে দুর্ঘটনা: ১০ দিন পর কলেজছাত্রের মৃত্যু

রাউজান সংবাদদাতা: বান্দরবান ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজছাত্র নাফিজ বিন ফারুকী (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্ঘটনার ১০ দিন পর মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাফিজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মিরধারপাড়া গ্রামের বড় বাড়ির বাসিন্দা মো. ফারুক আহমেদের ছেলে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মে দুপুরে বন্ধুদের সঙ্গে বান্দরবান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পটিয়া বাইপাস সড়কে একটি চলন্ত বাস হঠাৎ থেমে গেলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নাফিজ ও তার বন্ধু আর. এক্স. ফাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে নাফিজকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের স্বজন আয়াতুল্লাহ মুরাদ জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় নাফিজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তিনি স্বজনদের সঙ্গে কথাও বলছিলেন। পরে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে রাউজান থানার ডিউটি অফিসার নাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় নিজ গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে নাফিজের দাফন সম্পন্ন করা হবে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top