হালিশহরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ দোকানি আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের হালিশহর আবাসিক এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধ দোকানদারকে পুলিশ হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে ঘেরাও করলে পুলিশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে হালিশহর বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকার একটি মুদির দোকানে আইসক্রিম কিনতে যায় শিশুটি। এ সময় দোকানে লোকজন না থাকায় দোকানদার তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

জানা গেছে, শিশুটির বয়স প্রায় নয় বছর। আইসক্রিম কিনতে গিয়ে সে ওই ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। সন্ধ্যার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা একটি শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার তথ্য পেয়েছি। তবে এটি ধর্ষণের ঘটনা কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় লোকজন একজনকে ঘেরাও করেছিলেন বলে শুনেছি। তাকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জেনেছি। তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top