সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন হারুনুর রশিদ (হারুন) ও রাসেল হোসেন। তারা দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছিলেন। রবিবার রাতে রিয়াদের একটি সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় হঠাৎ একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একই দুর্ঘটনায় তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
বর্তমানে মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/তারেক/এমকেএন






