চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়া এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জেরে যুবদল নেতা মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের অধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার (৩১ মে) উপজেলার কোলাগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন কফিল।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ওই নারীর সঙ্গে কফিলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে কফিল জানান, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করছে। তিনি দাবি করেন, আত্মীয়ের বাড়িতে লেনদেনসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসএ






