চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলশিক্ষক ও তাঁর বাবা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার প্রথম সিঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তাঁর পিতা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাঁদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন বিধান মল্লিক ও তাঁর বাবা দুর্গাপদ মল্লিক। পথে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এতে দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার জানান, দুর্ঘটনায় দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপচালক পালিয়ে যান।
উল্লেখ্য, এর একদিন আগে সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





