চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. আবির (১৮) রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের নাজিরারটেক সৈকত এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
জানা যায়, রবিবার সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে কলাতলী এলাকার একটি গেস্টহাউসে ওঠেন আবির। পরে সকাল সাড়ে ১১টার দিকে তারা সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সিগাল পয়েন্ট এলাকায় সাগরের ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান।
সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান গনি জানান, আবির বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করছিলেন। হঠাৎ তিনি পানিতে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দিনভর অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সৈকতে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসনের বিচ-কর্মী মাহবুবুর রহমান জানান, গোসলের সময় আবির একটি টিউব ব্যবহার করছিলেন। প্রবল ঢেউয়ের আঘাতে তিনি টিউব থেকে ছিটকে পানিতে পড়ে যান এবং পরে নিখোঁজ হন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





