ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফানুয়া উদায়া পাথর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জয়নাল এবং অভিযুক্ত বড় ভাইয়ের নাম জাফর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করলে জাফর ধারালো অস্ত্র দিয়ে জয়নালকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস জানান, ফেসবুক সংক্রান্ত বিষয়টি সংঘর্ষের মূল কারণ হিসেবে শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ও তদন্ত করছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





