আন্তর্জাতিক ডেস্ক: হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র আনুষ্ঠানিকতা পালনের জন্য মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১৬ লাখের বেশি হজযাত্রী। দিনভর তারা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন থাকেন।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, জিলহজ মাসের নবম দিনের ভোর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করেন। সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে তারা আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনায় সময় অতিবাহিত করেন।
ইসলামে উকুফে আরাফা হজের মূল রুকন হিসেবে বিবেচিত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “হজ হলো আরাফা।” এই হাদিস থেকেই আরাফাতের দিনের গুরুত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে।
ইসলামি চিন্তাবিদদের মতে, আরাফার দিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। এ দিনটি রহমত, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়।
ঐতিহাসিকভাবেও দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজের সময় মহানবী (সা.) আরাফাতের জাবাল আর-রাহমাহ বা রহমতের পাহাড়ে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সেই ভাষণে তিনি মানবতা, ন্যায়বিচার, সাম্য এবং মানুষের জীবন ও সম্পদের মর্যাদার ওপর গুরুত্বারোপ করেছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





