ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ১০টি গরু এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকসহ এক চালককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় মহাসড়কে এ অভিযান চালানো হয়।

এ সময় সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে আটক করা হয়। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। পরে রামু পানিরছড়া বাজার দিক থেকে আসা সন্দেহভাজন একটি ট্রাক (ভোলা-ড-১১-০৪১১) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ১০টি গরু জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়। তবে গাড়িতে থাকা আরও দুইজন পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক চালক সিরাজুল ইসলাম স্বীকার করেন যে, বৈধ কাগজপত্র ছাড়া মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো ঈদগাঁও বাজারে আনা হচ্ছিল।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top