কুয়ালালামপুরের হাংতুয়ায় চালু হলো বাংলাদেশি রেস্টুরেন্ট ‘মেজবান’

চাটগাঁ নিউজ ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চালু হয়েছে চট্টগ্রামের মেজবান রেস্টুরেন্ট। মেজবান রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১ হাজার প্রবাসী বাংলাদেশিকে ফ্রি খাওয়ানো হয়। অনুষ্ঠানে হাংতুয়া ও কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় বসবাসরত প্রবাসীরা অংশ নেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের কাপড়ের পাইকারি মার্কেট কেডাব্লিউসি’র সামনে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন মেজবান রেস্টুরেন্টের উদ্যোক্তা ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, ‘কুয়ালালামপুরের এই হাংতুয়া এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের দেশী খাবারের আসল স্বাদ দেওয়ার জন্য আমরা মেজবান রেস্টুরেন্ট করেছি। যেহেতু এখানে বসবাসরত বাংলাদেশির মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের মানুষ। তাই আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানা খাবারও পরিবেশন করব। আমরা সকল প্রবাসীদের মেজবান রেস্টুরেন্টে এসে দেশী খাবারের স্বাদ দেওয়ার আমন্ত্রণ জানাই।’

তিনি বলেন, ‘অনেক প্রবাসী বেকার থাকেন, তখন তাদের মধ্যে কারো কারো খাওয়ার মতো টাকা থাকে না। এ রকম বিপদে পড়া প্রবাসীরা আমাদের রেস্টুরেন্টে এসে টাকা না থাকলেও ফ্রি খেতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেলাল উদ্দিনের মালয়েশিয়ান স্ত্রী নুরলিজা বিনতি মোহাম্মদ নুর, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনি, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, ব্যবসায়ী মেহেদী হাসান, ব্যবসায়ী নাহিদ, মামুন আলী, শওকত হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, আল-আমিন মোস্তাক প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top