চিটাগাং চেম্বার ও বিজিএমইএ একযোগে কাজ করবে

চাটগাঁ নিউজ ডেস্ক: শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিজিএমইএ। নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের আস্থা ও অংশগ্রহণ বাড়বে বলে তাঁরা আশাবাদী।

আজ রোববার (২৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজিএমইএ নেতৃবৃন্দ নবনির্বাচিত সব চেম্বার পরিচালককে অভিনন্দন জানান।

বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম চেম্বার।

আমদানি-রপ্তানি কার্যক্রম, বন্দর ব্যবস্থাপনা, শিল্পখাতের উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে চট্টগ্রাম চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম ও দেশের বাণিজ্যিক কার্যক্রম আরো গতিশীল হবে এবং ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা হবে।

বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানিমুখী শিল্পখাতের উন্নয়নে চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পর্ষদ ও বিজিএমইএ আগামী দিনগুলোতে একযোগে কাজ করবে। পারস্পরিক সহযোগিতা, যৌথ উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামের শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের অংশগ্রহণ আরো সুদৃঢ় করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবসায়ী নেতা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালামের বলিষ্ঠ নেতৃত্ব, সুদূরপ্রসারী দিকনির্দেশনা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top