দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ এক দিনে নতুন করে ১ হাজার ৩০৬ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করা ১৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৮১৩ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হাজার ৫৫৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৪৬ হাজার ২১৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে এখনো বহু শিশু চিকিৎসাধীন রয়েছে।

শিশুদের সুরক্ষায় চিকিৎসকরা দ্রুত সময়ের মধ্যে হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top