বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলন, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর এলাকার ভারাম্ভা ঘাট ও ভাঙাপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. নাজিম উদ্দিন (৫০), মো. রিদুয়ান (৩০) ও মো. ইকবাল হোসেন (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারায় তিনটি পৃথক মামলায় তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top