চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ২৪টি পরিচালক পদের সবকটিতেই জয় পেয়েছে ইউনাইটেড বিজনেস ফোরাম।

আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

যেখানে চেম্বারের ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। টাউন ও ট্রেড অ্যাসোসিয়েশন শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ২৪টি পদই কার্যত ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়।

অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন— মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির, আবু হায়দার চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান ও শহিদুল আলম।

অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন— মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম স্বপন, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম এবং মো. সেলিম নুর।

এছাড়া ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ আমিরুল হক (প্যানেল লিডার), এসএম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মোহাম্মদ মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, প্রায় এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৩ সালের পর থেকে চেম্বারের সব কমিটিই বিনা ভোটে গঠিত হয়ে আসছিল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ছয় হাজার সাতশ ৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার সাতশ ২৫ জন, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ।

সাধারণ শ্রেণিতে মোট ভোটার ছিলেন চার হাজার এক জন। এ শ্রেণিতে ভোট পড়েছে এক হাজার আটশ ৪৩টি, যা শতকরা হিসেবে প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে সহযোগী শ্রেণিতে দুই হাজার সাতশ ৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন আটশ ৮২ জন, যা প্রায় ৩২ শতাংশ।

নির্বাচনে মোট ১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়। একজন সাধারণ শ্রেণির ভোটার ১২টি ও সহযোগী শ্রেণির ভোটার ৬টি করে ভোট দেন।

চেম্বার বিধি অনুযায়ী, সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ছয় জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে তিন জন করে মোট ছয় জন পরিচালক নির্বাচিত হন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দু’জন সহসভাপতি নির্বাচিত হবেন।

চেম্বার সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে পরিচালকেরা সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবেন।

সাধারণ শ্রেণিতে কামাল মোস্তফা চৌধুরী ১ হাজার ৪০৫ ভোট, এএসএম ইসমাইল খান ১ হাজার ৩৭৪ ভোট, আবু হায়দার চৌধুরী ১ হাজার ৩৬৪ ভোট, মো. আমজাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৩৫২ ভোট, নাসির উদ্দিন চৌধুরী ১ হাজার ৩২১ ভোট, আসাদ ইফতেখার ১ হাজার ৩০৬ ভোট, আমান উল্লা আল ছগির ১ হাজার ২৭৭ ভোট, মো. গোলাম সরওয়ার ১ হাজার ২৫৯ ভোট, মোহাম্মদ হাবিবুর রহমান ১ হাজার ২৫৯ ভোট, মোহাম্মদ শফিউল আলম ১ হাজার ২৪৯ ভোট এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ১ হাজার ২১১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান ৬৮৭ ভোট, মো. নুরুল ইসলাম ৬৬১ ভোট, মো. সেলিম নুর ৬৪৬ ভোট, সরোয়ার আলম খান ৬৪১ ভোট, মোহাম্মদ মশিউল আলম ৬৩২ ভোট এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ৬১৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘আমরা চেয়েছি ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের নেতৃত্ব নির্বাচন করুক। এবং এবার সেটিই হয়েছে।’

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম বলেন, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে গণনা সম্পন্ন করে ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেলকে বিজয় ঘোষণা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top