শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় তুমুল উত্তেজনা, দুই সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৪

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত আসামিকে আটক করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দুই সাংবাদিকসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক।

বৃহস্পতিবার (২১ মে) বিকালে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী ৪ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে খবর পেয়ে পুলিশ ডেকোরেশনের কর্মচারীকে আটক করে। কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি আটকে দেয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ জড়িত আসামিকে আটক করে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। আটক করে আসামিকে আনার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন। তাদের বলা হয়েছে, আইন অনুযায়ী আসামির বিচার হবে।

এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক মামুন আবদুল্লাহ ও নোবেল হাসান।

এছাড়া পুলিশের ফাঁকা গুলির সময় স্থানীয় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়ছেন আরও অন্তত অর্ধশতাধিক লোকজন।

ঘটনাস্থলে থাকা সংবাদিকরা জানিয়েছেন, ফেসবুক লাইভ চলাকালে পুলিশের গুলিতে মামুনের কোমরে এবং নোবেলের হাতে ও পায়ে আঘাত লাগে। পরে তাঁদের প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটগাঁৎ নিউজ/এসএ

Scroll to Top