সন্দ্বীপে অবৈধ মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নে অবৈধভাবে চরের জমির মাটি কেটে বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার মগধারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের প্রমাণ পাওয়ায় তৌহিদ (২৭) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মগধারা এলাকার কিছু অসাধু ব্যক্তি চরের জমির মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি জনস্বার্থবিরোধী কাজ। কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত থাকবে না— এমন অঙ্গীকারে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

এদিকে পরিবেশ রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধভাবে মাটি কাটার কারণে এলাকার ভূপ্রকৃতি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

চটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top