চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল আজহাকে সামনে রেখে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।
আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৬২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, আর মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার—যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
এছাড়া ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বর মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
চাটগাঁ নিউজ/এমকেএন





