চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং এ ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।
বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগে কেবল স্থাপত্য নকশার ভিত্তিতে ভবনের প্ল্যান অনুমোদন দেওয়া হলেও এখন থেকে স্থাপত্য, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিংসহ পূর্ণাঙ্গ পরিকল্পনা একসঙ্গে জমা দিতে হবে। অনুমোদিত নকশা থেকে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ভবনকে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হবে না। একই সঙ্গে ওই সার্টিফিকেট ছাড়া গ্যাস, পানি কিংবা বিদ্যুতের মতো কোনো ইউটিলিটি সংযোগও মিলবে না বলে জানান তিনি।
চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, অনেক প্রকল্পের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হলেও সামান্য কিছু জটিলতার কারণে জনগণ পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব সমস্যা সমাধান করা গেলে আগামী কয়েক মাসের মধ্যেই বড় প্রকল্পগুলোর সুফল মানুষ পেতে শুরু করবে।
জমি সংক্রান্ত জটিলতায় আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত নিষ্পত্তিতে জেলা প্রশাসন কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করা, তবে এখন সেপ্টেম্বরের মধ্যেই সেগুলোর কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি জরুরি, যাতে জনগণ কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারে।
এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুলসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





