চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে উত্তাপ, ভোট বর্জনে জামায়াতপন্থিরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনজীবী সমিতি ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচনে সহ-সভাপতিসহ বিভিন্ন পদে ভোট দিয়েছেন সমিতির সদস্যরা। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অংশ নিলেও ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’।

ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকার সোনালী ব্যাংক চত্বরে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশ করে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সমর্থকরা।

জামায়াতপন্থি আইনজীবীদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, তারা নির্বাচন বর্জন করেছেন এবং সাধারণ ভোটারদের একটি বড় অংশও ভোট দিচ্ছেন না। তাদের দাবি, এটি একতরফা নির্বাচন।

এর আগে বুধবার নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করলেও তা নামঞ্জুর হয়। একই দিন আদালত প্রাঙ্গণে মিছিল করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। পরে বিকেলে বিদায়ী কমিটি থেকে জামায়াত সমর্থিত সাত আইনজীবী পদত্যাগ করেন। পাশাপাশি বৃহস্পতিবারের ভোটও বর্জনের ঘোষণা দেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ জন প্রার্থী।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top