সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ নিহত ৪

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বার আউলিয়া, কুমিরা, বাড়বকুণ্ড ও ছোট দারোগারহাট এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় মো. হারুনুর রশিদ (৫৪) নিহত হন। তিনি ছোট কুমিরার হিঙ্গুরীপাড়া গ্রামের মোহরম আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় চট্টগ্রামমুখী গরুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়। সে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নদুয়ারীয়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং মির্জাবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সহপাঠীদের নিয়ে একটি খোলা মিনি ট্রাকে করে কুমিরার আলেকদিয়া সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিল হাসান। গাড়ি থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় একটি গরুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুপুর ১১টার দিকে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. রোস্তম আলী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি উত্তর-পশ্চিম সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ ভূঁইয়া বাড়ির তমিজ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী। এছাড়া বার আউলিয়া ও কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক।

অন্যদিকে একই দিন সকালে উপজেলার বাড়বকুণ্ডের মুছা কলোনি এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি দুই রেললাইনের মাঝখান থেকে উদ্ধার করা হয়। তার শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top