হাটহাজারীর ১১ বছরের শিশু ধর্ষণ ও হত্যা: প্রধান আসামির স্বীকারোক্তি

চাটগাঁ নিউজ ডেস্ক : হাটহাজারী থানার চাঞ্চল্যকর শিশু হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফয়সাল (১৯) হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত ২০ মে দুপুর সাড়ে ৩টায় এসআই রূপন নাথের নেতৃত্বে হাটহাজারী থানার একটি চৌকস আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভিক্টিম চিৎকার করলে আসামি ও তার সহযোগী মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার পর আসামি বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে হাটহাজারী থানা পুলিশ খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top