চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস (৫৫) মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তিনি। পরে সেটি চালকের সহায়তায় মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে অটোরিকশাচালক হঠাৎ তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আবদুল কুদ্দুস।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ সদস্যের মাথায় গুরুতর আঘাত ছিল।
এ ঘটনায় ঘটনার দিনই পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





