চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় দায়ের করা মাদক মামলায় মো. জাফর (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৭ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত মো. জাফর ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় সোহাব আলী বাড়ির মো. হাশেমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় রাষ্ট্রপক্ষ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। এসব সাক্ষ্যপ্রমাণে ফেনসিডিল উদ্ধারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দণ্ড দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে র্যাব-৭ নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার পর র্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক অমল চন্দ বাদী হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হলে আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে।
চাটগাঁ নিউজ/এমকেএন





