চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ওয়াহিদুল আলম স্থানীয় হারুন সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়। কোনো ব্যক্তি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে অপরাধী হিসেবেই দেখা হবে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওয়াহিদুল আলমকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার সকালে ভুক্তভোগী ব্যক্তি বা ব্যবসায়ী থানায় মামলা দায়ের করলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন





