চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান, বসতঘর ও একটি মসজিদ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৭ মে) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকল বাহিনী, স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের পশ্চিম পাশের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দোকান ও ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে বাজারের অধিকাংশ দোকান ও বসতঘর পুড়ে যায়।
জামছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাই প্রু মারমা জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি চুলার আগুন থেকে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হতে পারে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর অবস্থার মধ্যে পড়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





