ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবারও হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট খারিজ হওয়ার পর এবার রিট করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক। গত বৃহস্পতিবার এই রিট করা হয়েছে বলে জানা গেছে।
আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আরজি জানানো হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এই কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।
পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী গত ৩০ এপ্রিল রিট করেন। শুনানি শেষে ১১ মে তা খারিজ করে দেন হাইকোর্ট।
চাটগাঁ নিউজ/জেএইচ





