৪২ লাখ টাকার প্লাস্টিক দানা আত্মসাৎ: উদ্ধার ২৬০ ব্যাগ, গ্রেফতার ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আত্মসাৎ হওয়া প্লাস্টিক দানার মোট মূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা। উদ্ধার হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মামলার সূত্রে জানা গেছে, একটি পরিবহন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ওবাইদুল হক খসরু প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা নির্ধারিত কারখানায় পৌঁছে দেওয়ার জন্য একটি কাভার্ডভ্যান ভাড়া করেন। গত ৪ মে পতেঙ্গার এসএপিএল ডিপো থেকে পণ্য বোঝাই করে গাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

তবে অভিযোগ রয়েছে, কাভার্ডভ্যানচালক মো. রাশেদ নির্ধারিত কারখানায় পণ্য পৌঁছে না দিয়ে সহযোগীদের সহায়তায় তা আত্মসাৎ করেন। এ ঘটনায় ৯ মে পতেঙ্গা মডেল থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ১১ মে বন্দর এলাকা থেকে ইমাম আলী ওরফে ইমন (২১) নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে মিরসরাই এলাকা থেকে কাভার্ডভ্যানচালক মো. রাশেদকে (২৯) আটক করা হয়।

পরবর্তীতে রাশেদের তথ্য অনুযায়ী গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে আশরাফ আলী সিকদার (৫০) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেখানো একটি গোডাউন থেকে আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top