চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম অলকা এলাকার মীর কাশেম হীরুর ছেলে। তিনি চট্টগ্রামের পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকায় জাকির সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। তিনি জানান, সাগরিকা রোডের কোস্ট ফ্যাক্টরির সামনে রাস্তার ওপর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এদিকে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন।
তিনি আরো জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একসময় রিকশা চালালেও সম্প্রতি তিনি শ্রমিকের কাজ করতেন। রাতে সড়কে তার নিথর দেহ পড়ে ছিল।
মৃত্যুর কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ





