চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে এক ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল কুদ্দুস। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাণী রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (পশ্চিম)-এ কর্মরত ছিলেন এবং তিনি ফেনী জেলার বাসিন্দা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, দায়িত্ব পালনের সময় টোল রোড এলাকায় একটি অটোরিকশা আইন ভঙ্গ করায় সেটি আটক করেন কনস্টেবল কুদ্দুস। পরে জব্দ করা অটোরিকশাটি ডাম্পিংয়ের উদ্দেশ্যে মনসুরাবাদে নেওয়া হচ্ছিল।
পথিমধ্যে চলন্ত অবস্থায় অটোরিকশার চালক জুয়েল কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পালানোর চেষ্টা করেন। এ সময় কনস্টেবল রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং মাথায় আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
এ ঘটনায় অটোরিকশা চালক জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





