চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণকাজ এগিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত সময় না দিয়েই মাত্র এক ঘণ্টার মধ্যে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। এতে দীর্ঘদিনের ব্যবসা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
সিডিএ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ২২ শতক জমি নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ওই জমিতে থাকা দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।
ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান, তিনি ও তার পরিবার প্রায় ৫৬ বছর ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে বৈধভাবেই ব্যবসা চালিয়ে গেলেও হঠাৎ করে উচ্ছেদ অভিযানে সবকিছু হারাতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ওই এলাকায় প্রায় ৬০টি দোকান ছিল এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের আশায় ছিলেন। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, র্যাম্প নির্মাণকাজ শুরু করতেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টি বাংলাদেশ রেলওয়ে দেখবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন






