শাকিল ও ফারজানা রুপাকে একাধিক মামলায় জামিন

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেন। এছাড়া আরেকটি মামলায় তাদের জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে। তবে সব মামলায় জামিন না হওয়ায় এই মুহূর্তে তাদের কারামুক্তির সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ২১ এপ্রিল হত্যাসহ সাতটি মামলায় দায়ের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে আদেশের জন্য দিন ধার্য থাকলেও তা কয়েক দফা পিছিয়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top