চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১০ মে) রাতে নগরের বান্ডেল রোডস্থ বাঙালি সেবক কলোনির গেইটের বিপরীতে অবস্থিত ‘ঝাল বিতান’ নামের একটি দোকানে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে দোকানের ভেতর থেকে প্রায় ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি উদ্ধারকৃত দোকানটির মালিক বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






