মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়।

রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। একইসঙ্গে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্যও শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে শপথ বাক্য পাঠ করান।

গত সোমবার প্রকাশিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে থালাপতি বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দলে পরিণত হয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় পরে কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে তার দল।

ভারতীয় কংগ্রেসসহ পাঁচটি রাজনৈতিক দলের সমর্থনে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছালে সরকার গঠনের পথ সুগম হয়। এরপর শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়।

জোটের শরিক দলগুলোর সমর্থনপত্র যাচাই-বাছাই শেষে রাজ্যপাল সরকার গঠনের অনুমতি দেন। পরে রবিবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top