সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে মো. মেহরাজ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেনের মোশারফ আলীর ছেলে।
এছাড়া তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির (৩০) নামে আরেক যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মেহরাজ ও তার বন্ধু সাব্বির বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে তারা ফেরিঘাটের শেষ প্রান্তে সাঁতার কাটতে সমুদ্রে নামেন। তখন জোয়ারের পানিতে সাঁতার কাটার সময় মেহরাজ হঠাৎ তলিয়ে যেতে থাকেন। তাকে বাঁচাতে সাব্বির আপ্রাণ চেষ্টা করেন। তবে সাঁতার না জানার কারণে একপর্যায়ে দুজনেই ডুবে যেতে থাকেন।
পরে স্থানীয়দের চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর সাব্বিরের জ্ঞান ফিরলেও মেহরাজের জ্ঞান ফেরেনি। তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন






